যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত দুই দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো আলোচনা হয়েছে। এ অবস্থায় তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন।
গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দেন। অন্যথায় তাদের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানোর কথা জানান তিনি। এর জবাবে ইরান পাল্টা হুমকি দিয়ে জানায়, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎকেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে, সেগুলো লক্ষ্য করে তারা হামলা চালাবে।
ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই তিনি হামলা স্থগিতের ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে সোমবার ট্রাম্প লেখেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প আরও জানান, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না করতে। তবে এই সিদ্ধান্ত চলমান বৈঠকের সফলতার ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিতকরণ আসেনি। গত কয়েক দিন ধরে ইরান জানিয়ে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করবে না। সূত্র আল জাজিরা
আরও পড়ুন:








