সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

উপকূলে হামলার জবাবে পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৫:২৯

শেয়ার

উপকূলে হামলার জবাবে পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি ইরানের
ছবি সংগৃহীত

নিজেদের উপকূল ও দ্বীপে সম্ভাব্য হামলার জবাবে পুরো পারস্য উপসাগরে নৌ-মাইন স্থাপনের হুমকি দিয়েছে ইরান। সোমবার (২৩ মার্চ) দেশটির ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের উপকূল ও দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা সহ্য করা হবে না। এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও যোগাযোগ রুটগুলোতে বিভিন্ন ধরনের নৌ-মাইন বসানো হতে পারে, যা কার্যত পুরো অঞ্চলকে অবরুদ্ধ করে দিতে পারে।

ইরানি কর্তৃপক্ষ আরও জানায়, যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয় বা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী ব্যবহার করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় প্রয়োজন হবে।

এতে সতর্ক করে বলা হয়েছে, ইরানি ভূখণ্ডে আক্রমণের যেকোনো প্রচেষ্টার দায় সংশ্লিষ্ট দেশগুলোকেই বহন করতে হবে।

এর আগে গত শনিবার ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকিও দেন তিনি। এই আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই ইরানের পক্ষ থেকে পাল্টা এ হুমকি দেওয়া হলো।

সূত্র: সিএনএন



banner close
banner close