যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়সীমা অতিক্রান্ত হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান যদি কোনো প্রকার হুমকি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে ধারাবাহিকভাবে একে একে বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জের ধরে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ জোরদার করে তেহরান। বর্তমানে ওই জলপথে সীমিত সংখ্যক জাহাজ চলাচল করতে দিচ্ছে ইরান। পাশাপাশি প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনাও করছে দেশটি।
বিবিসির বরাতে জানা গেছে, এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ। ইরানের এই পদক্ষেপের জেরে আঞ্চলিক উত্তেজনা ঊর্ধ্বমুখী। ট্রাম্পের সর্বশেষ হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।
আরও পড়ুন:








