ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সংঘটিত এ হামলার পর উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশ থেকে দ্রুতগতিতে একটি ক্ষেপণাস্ত্র নেমে এসে আঘাত হানার পরপরই বিকট বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ জরুরি চিকিৎসা সেবার বরাতে জানিয়েছে, আহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় পৃথক রকেট হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ‘চ্যানেল ১২’। ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর খবরে বলা হয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই এলাকায় একাধিক রকেট নিক্ষেপ করেছে।
ঘটনাগুলোর পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন:








