শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

ইরানের নিক্ষিপ্ত দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করতে পারেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ২১:০৬

শেয়ার

ইরানের নিক্ষিপ্ত দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করতে পারেনি
ফাইল ছবি

ইরান ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তবে সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি মাঝপথেই বিকল হয়ে যায়। অন্যটিকে লক্ষ্য করে একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়; তবে সেটি সফলভাবে ভূপাতিত করতে পেরেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, তারা এ বিষয়ে একটি বিবৃতি প্রস্তুত করছে। হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, এই হামলা ছিল ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম বাস্তব সামরিক ব্যবহার এবং মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরে আঘাত হানার সক্ষমতা প্রদর্শনের একটি প্রচেষ্টা। ইরানের উপকূলরেখা থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় তিন হাজার আটশো কিলোমিটার।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্য সম্মত হয় যে দিয়েগো গার্সিয়া ঘাঁটি যেখানে অবস্থিত সেই চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করা হবে। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে মরিশাস দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের সঙ্গে বিরোধে জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের এই পরিকল্পনার সমালোচনা করেছেন।



banner close
banner close