শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানে স্থল হামলার পরিকল্পনা করছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৯:২০

শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানে স্থল হামলার পরিকল্পনা করছে
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য স্থল হামলার জন্য বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত সামরিক পরিকল্পনা সম্পন্ন করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ সূত্রের বরাতে শনিবার এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ইরানে স্থল হামলার প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠানোর বিষয়টি এখনো চূড়ান্ত করেননি। যুদ্ধের পরিস্থিতি কোন দিকে অগ্রসর হলে তিনি এমন নির্দেশ দেবেন, তা স্পষ্ট নয়।

গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানে স্থল সেনা পাঠাবেন না। তবে একই সময়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনা পাঠালেও তা এখনই জানাবেন না।

স্থল হামলার পরিকল্পনা প্রসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক লিখিত বক্তব্যে জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো সামরিক বাহিনীর সর্বাধিনায়কের জন্য একাধিক সামরিক বিকল্প প্রস্তুত রাখা। তিনি বলেন, পরিকল্পনা প্রণয়নের অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থল হামলার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি এতটাই বিস্তারিত যে স্থল হামলা চলাকালে ইরানের সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের আটক করা হলে তাদের কোথায় পাঠানো হবে, সেই ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মেরিন সেনা মোতায়েন শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা ওই অঞ্চলে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।



banner close
banner close