পবিত্র ঈদুল ফিতরের সকালেও ইরানে স্বস্তি ফেরেনি। রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহরে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর বিমান হামলায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় ভোরে এসব হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম আলজাজিরা ও স্থানীয় সূত্র জানিয়েছে, তেহরান, শাহরাক-ই মহল্লাতি, শাহরাক-ই পারদিস এবং কারাজ এলাকায় ইসরায়েলি ও আমেরিকান যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যম খবরঅনলাইন ও আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিশ্চিত করেছে, শনিবার ভোরে তেহরানের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে।
ভয়েস অব আমেরিকা পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান জেলা এবং সিটি অলিম্পিক ভিলেজ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পশ্চিম তেহরানে একটি শক্তিশালী বিস্ফোরণের ফলে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রাজধানী ছাড়াও তেহরানের দক্ষিণে শাহর-ই রে, তাবরিজ এবং ইসফাহান শহরেও বিমান হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পার্বত্য এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু অভিমুখে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ এখন পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ জন নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
আরও পড়ুন:








