পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৩ জনই বালদিয়া টাউনের মাওয়াছ গোঠ এলাকায় একটি জরাজীর্ণ ভবনের ছাদ ধসে প্রাণ হারান।
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির হাত থেকে বাঁচতে ওই ভবনের ভেতরে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন। এ সময় হঠাৎ করেই ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশই মাদকাসক্ত বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছেন কি না তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতদের করাচি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পৃথক ঘটনায় লান্ধির মজিদ কলোনিতে একটি দেয়াল ধসে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। কোরঙ্গীর সেক্টর ৩ দশমিক ৫ এলাকায় একটি বাড়ির ছাদ ধসে এক নারী নিহত হয়েছেন। কোরঙ্গী ৫ নম্বর এলাকায় গাছ উপড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। ক্লিফটনের ড্রাইভিং লাইসেন্স শাখার কাছে গাছ উপড়ে এক নারী নিহত এবং দুইজন আহত হয়েছেন। মালির নদীর কাছে ইয়ারু গোঠ এলাকায় বজ্রপাতে আরও একজনের প্রাণহানি ঘটে।
এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এম এ মাওয়াছ গোঠের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জেলা প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলোকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে বলেছেন। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লাঞ্জার এবং করাচির মেয়র মুর্তজা ওয়াহাব মাওয়াছ গোঠের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন:








