বারাণসী, উত্তরপ্রদেশ: পবিত্র গঙ্গা নদীতে নৌকায় বসে ইফতার আয়োজন এবং খাবারের অবশিষ্টাংশ নদীতে ফেলার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতার আয়োজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর তার অবশিষ্টাংশ ও হাড় গঙ্গায় ফেলে দেন। পুলিশ বলছে, এই কাজের মাধ্যমে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং পবিত্র গঙ্গার পানিকে দূষিত করেছেন।
কোটওয়ালি অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এসিপি) বিজয় প্রতাপ সিং জানান, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে এই ঘটনার তথ্য পাওয়া যায়। এরপর তদন্ত করে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন মুসলিম যুবক এবং একজন নৌকার মালিক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) এক স্থানীয় নেতার অভিযোগের ভিত্তিতে কোটওয়ালি থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, গঙ্গা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। সেখানে নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাওয়ার পর অবশিষ্টাংশ নদীতে ফেলে দেয়ার মাধ্যমে গঙ্গার পবিত্রতা নষ্ট করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পরিবেশ দূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদেরও চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গঙ্গা নদী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত পূজা ও স্নান করতে আসেন। এই ঘটনাকে ঘিরে ধর্মীয় অনুভূতি ও পরিবেশ রক্ষার প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন:








