মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ২০:১২

শেয়ার

বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে গুজব ও সাবেক কূটনীতিকের অনুমান
ছবি সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত গুজবের মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঁচে আছেন দাবি করে তার কার্যালয় থেকে ভিডিওবার্তা প্রকাশ করা হয়েছে। এই ভিডিওবার্তাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বলে অভিযোগ রয়েছে। এমন অবস্থায় ইসরাইলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম একটি সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহু বেঁচে থাকলে তিনি জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের নিচে অবস্থিত কোনো সুরক্ষিত ভূগর্ভস্থ স্থানে আশ্রয় নিয়ে থাকতে পারেন।

মিশরীয় সংবাদমাধ্যম সাদা এল-বালাদকে দেওয়া ওই সাক্ষাৎকারে আতিফ সালেম উল্লেখ করেন, ইরান ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে প্রধানমন্ত্রীর অবস্থান ও পরিণতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, ইসরাইলের ভেতরে গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ ও সংবাদ সংগ্রহের ওপর বিধিনিষেধের কারণে তথ্যশূন্যতা তৈরি হয়েছে, যা যাচাইবিহীন গুজব ছড়ানোর সুযোগ করে দিয়েছে। সাবেক এই কূটনীতিকের মতে, নিরাপত্তা সংকটের সময় ইসরাইলি সরকার সুরক্ষিত বাঙ্কারে সভা করার ইতিহাস রয়েছে। তিনি ২০২৩ সালে নেতানিয়াহুর একটি ভূগর্ভস্থ স্থাপনায় মন্ত্রিসভার বৈঠক করার ঘটনার কথা উল্লেখ করেন।

সালেম বলেন, বর্তমান উত্তেজনায় নেতানিয়াহু হয়তো আল-আকসা মসজিদের নিচের কোনো সুরক্ষিত কক্ষ বা বাঙ্কার ব্যবহার করছেন। তিনি একে চরম উত্তেজনার সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি নেতৃত্বের নেওয়া চরম পদক্ষেপ হিসেবে বিশ্লেষণ করেন। তবে এই মন্তব্য নিছক একটি অনুমান এবং কিছু মূল্যায়নের ভিত্তিতে বলা হয়েছে বলে তিনি জানান।

সাবেক রাষ্ট্রদূত আরও ব্যাখ্যা করেন, যুদ্ধকালীন সময়ে মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে গুজব ব্যবহারের ঘটনা নতুন নয়। তিনি বলেন, ইসরাইল তার সীমান্তের ভেতর থেকে ছবি ও ভিডিও প্রকাশের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং মাঠপর্যায়ের পরিস্থিতি তুলে ধরার ঘটনায় মোটা অঙ্কের জরিমানা ও শাস্তির হুমকি দিচ্ছে। সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকার এবং এই বিধিনিষেধের কারণে ইসরাইলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতির খবর যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেতানিয়াহুর মৃত্যুর গুজব ভুয়া বলে প্রত্যাখ্যান করা হয়েছে এবং তিনি জনসমক্ষে উপস্থিত হয়ে বেঁচে থাকার দাবি জানিয়েছেন।



banner close
banner close