সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আমিরাতের শাহ গ্যাসক্ষেত্রে মঙ্গলবার (১৭ মার্চ, ২০২৬) একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে কর্তৃপক্ষ ওই এলাকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
আবুধাবি মিডিয়া অফিসের পাঠানো এক জরুরি বিবৃতিতে জানানো হয়, আবুধাবি শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শাহ গ্যাসক্ষেত্রে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রায়ত্ত আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রটি বিশ্বের সবচেয়ে বড় সালফারযুক্ত গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোর একটি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ক্ষেত্রটির দৈনিক ১ দশমিক ২৮ বিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট গ্যাস উৎপাদনের সক্ষমতা রয়েছে। হামলার পর উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এর আগে সোমবার (১৬ মার্চ) ফুজাইরার পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল জোনেও একটি ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফুজাইরা বন্দর উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। পাশাপাশি, হামলার জেরে মঙ্গলবার দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দুবাইয়ের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও পরে নিশ্চিত করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সফল ইন্টারসেপশনের ফলে এগুলো ঘটেছে।
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই হামলাগুলো আমিরাতের জ্বালানি খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন:








