হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সম্ভাব্য সামরিক জোটে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
মন্ত্রী কিং এক বেতার সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি অস্ট্রেলিয়া বিবেচনা করছে না। তিনি আরও উল্লেখ করেন, এ সংক্রান্ত কোনো অনুরোধ তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাননি। অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থান স্পষ্ট করে মন্ত্রী কিং জানান, সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে সেখানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তায় বিমান সহায়তা প্রদানের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথে নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক অংশীদারত্ব গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলে মার্কিন নেতৃত্বে একটি বিস্তৃত জোট গঠনের উদ্যোগ নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ল। এর আগে জাপানও হরমুজ প্রণালিতে নিজেদের যুদ্ধজাহাজ না পাঠানোর কথা জানিয়েছিল। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:








