সোমবার

১৬ মার্চ, ২০২৬ ২ চৈত্র, ১৪৩২

টার্গেট এবার নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ০৪:৪৬

আপডেট: ১৬ মার্চ, ২০২৬ ০৪:৪৭

শেয়ার

টার্গেট এবার নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

রকেট হামলায় তেল আবিবে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো পর্যবেক্ষণ করছেন ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা -এএফপি

সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এবার হত্যার টার্গেট করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। কেবল চরম আলটিমেটাম দিয়েই ক্ষান্ত হয়নি তেহরান; প্রথমবার ভয়ংকর ‘সাজ্জিল’ ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরাইলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে তারা। নেতানিয়াহুর মাথার ওপর যখন এই ‘মৃত্যুর হুলিয়া’ ঠিক তখন বিশ্বমঞ্চে চরম মিত্রহীন হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ হরমুজ প্রণালি পাহারায় যুদ্ধজাহাজ পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকুল আহ্বানেও বিন্দুমাত্র সাড়া দেয়নি কোনো পরাশক্তি।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, ইরানের ওপর সন্ত্রাসী তকমা দিতে যুক্তরাষ্ট্রের মাটিতে ‘৯/১১-এর মতো একটি ভয়াবহ ঘটনা’ সাজানোর গভীর ষড়যন্ত্র চলছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ইরানকে ড্রোন দিয়ে সহায়তা করছে রাশিয়া। মার্কিন জ্বালানিমন্ত্রী অবশ্য আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ধ্বংসাত্মক এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

যুদ্ধের ১৬তম দিনে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের মুহুর্মুহু হামলায় গেল ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত থেকেই দেশটির বিভিন্ন শহরে একের পর এক হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইসরাইল-যুক্তরাষ্ট্রের পালটা হামলায় ইরানের ইসফাহান শহরে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। পাশাপাশি কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, যেকোনো মুহূর্তে বড় হামলার শঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে।

নেতানিয়াহুকে হত্যার হুমকি : এবার বেঞ্জামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে আইআরজিসি। রোববার সংস্থাটির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এখন আমাদের টার্গেট নেতানিয়াহু। আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করব এবং হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাব।

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা : ইতালির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ওই ঘাঁটি ব্যবহার করে ইতালি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে-মার্কিন জ্বালানিমন্ত্রী : যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবশ্যই পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, এর চেয়ে আগেও শেষ হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে ও দাম কমে যাবে।

৯/১১-এর মতো ঘটনা সাজানোর ষড়যন্ত্র চলছে-লারজানি : যুক্তরাষ্ট্র ৯/১১ এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। যুক্তরাষ্ট্রের নেতাদের নাম উল্লেখ না করে তিনি বলেন, শুনেছি এপস্টিনের গ্যাং-এর বাকি সদস্যরা ৯/১১ এর মতো একটি ঘটনা সৃষ্টির ষড়যন্ত্র করেছে।

ইসরাইলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগকেন্দ্রে হামলা : ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রোববার সকালে ইসরাইলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিট সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগকেন্দ্রে নতুন মিসাইলে শক্তিশালী হামলা চালানো হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ : এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।



banner close
banner close