রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

ইরানের হামলায় নেতানিয়াহু নিহতের গুঞ্জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ২০:৩১

শেয়ার

ইরানের হামলায় নেতানিয়াহু নিহতের গুঞ্জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রত্যাখ্যান
ছবি সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি নাকচ করেছে তার কার্যালয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরুর পর থেকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান সংঘাতে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন উস্কে দিলেও তেল আবিব থেকে তাকে সুস্থ ও সক্রিয় বলে জানানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতাসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার জেরে ইরান ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা হামলা শুরু করলে নেতানিয়াহুর নিহত হওয়ার গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক নেটিজেন দাবি করেন, ইসরায়েল সরকার প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়টি লুকানোর চেষ্টা করছে।

তবে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক সংবাদদাতার কাছে পাঠানো বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্যকে ভুয়া খবর বলে উল্লেখ করেছে। বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মৃত্যুর দাবি সম্পূর্ণ মিথ্যা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করলে আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। তেল-গ্যাস উৎপাদন ও পরিবহনে বিঘ্নের ফলে বিশ্ব জ্বালানি ইস্যুতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল উভয় পক্ষ যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দেয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে।



banner close
banner close