ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্থানীয় প্রসিকিউটর অফিসের বরাতে তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ইরানের সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোর অবস্থান ও সুনির্দিষ্ট তথ্য ইসরায়েলের কাছে পাচার করছিল। এদের বিরুদ্ধে জায়নিস্ট শাসনের সঙ্গে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিচারিক আদেশের ভিত্তিতে উর্মিয়া শহরসহ পশ্চিম আজারবাইজান প্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের আটক করা হয়েছে।
গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের অভিযানের কৌশল পরিবর্তন করেছে। নতুন এই কৌশলে ইরানের ভেতরে কর্মরত মাঠপর্যায়ের তথ্যদাতাদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় হামলা চালানো হচ্ছে। সর্বশেষ এই গ্রেফতার ইরানের অভ্যন্তরে ইসরায়েলপন্থী নেটওয়ার্ক সনাক্তকরণ ও নির্মূলে দেশটির গোয়েন্দা সংস্থার চলমান অভিযানের অংশ বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:








