ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের (ইন্টারসেপ্টর) মজুত দ্রুত হ্রাস পাচ্ছে। এ অবস্থায় নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রশাসনকে চিঠি দিয়েছে ইসরায়েল। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মাঝামাঝি থেকে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুত কমতে শুরু করে। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা ও মাত্রা বৃদ্ধি পাওয়ায় এই ঘাটতি আরও প্রকট আকার ধারণ করেছে।
একটি মার্কিন সংবাদমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা (ক্লাস্টার মিউনিশন) যুক্ত করায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে একটি ক্ষেপণাস্ত্র মোকাবিলায় একাধিক ইন্টারসেপ্টর নিক্ষেপ করতে বাধ্ধ হচ্ছে, যা মজুত দ্রুত শূন্যের কোটায় নামিয়ে আনছে।
ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েল নিজ উদ্যোগে এই সংকট মোকাবিলার পথ খুঁজছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত নিজস্ব মজুত থেকে ইসরায়েলকে ইন্টারসেপ্টর সরবরাহের বিষয়টি চূড়ান্ত হয়নি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলে সংকট থাকলেও যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা মজুত এখনও পর্যাপ্ত রয়েছে। এই কর্মকর্তা আরও জানান, গত কয়েক মাস ধরেই ইসরায়েলের এ সংকটের বিষয়টি মার্কিন প্রশাসনের অনুমিত ছিল।
আরও পড়ুন:








