শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ২১:১১

শেয়ার

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ছবি সংগৃহীত

মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ৪৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার।

শনিবার (১৪ মার্চ) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি আল-জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবনের সংখ্যা সবচেয়ে বেশি। ৪৩ হাজার ইউনিটের মধ্যে ৩৬ হাজার ৫০০টিই আবাসিক ভবন। শুধু রাজধানী তেহরানেই ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারি তথ্য অনুযায়ী, হামলায় আবাসিক ভবনের পাশাপাশি জরুরি সেবা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানও লক্ষ্যবস্তু হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে ৪৩টি জরুরি সেবা কেন্দ্র, ৩২টি অ্যাম্বুলেন্স এবং ১২০টি স্কুল রয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক প্রতিবেদনেও প্রায় সাড়ে ৩৬ হাজার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

হতাহতের বিষয়ে মুখপাত্র মোহাজেরানি জানান, হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৩ জন নারী নিহত হয়েছেন। এছাড়া নিহত শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা ২০৬ জনে পৌঁছেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, হামলা শুরুর পর থেকে ইরানের প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

হামলার কারণে তেহরানসহ বিভিন্ন শহরে জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাতাসে বিপজ্জনক দূষক ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।



banner close
banner close