সংযুক্ত আরব আমিরাতের তিনটি প্রধান বন্দর এলাকা অবিলম্বে খালি করার জন্য দেশটির বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড, খাতাম আল-আনবিয়া, এক বিবৃতিতে জানিয়েছে, এই এলাকাগুলো এখন তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনার আড়ালে অবস্থান নেওয়ায় এসব এলাকা কয়েক ঘণ্টার মধ্যে হামলার শিকার হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, তার নির্দেশে ইরানের খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয় এই খার্গ দ্বীপ থেকে। ইরানের পক্ষ থেকে এই হামলার জবাবে ওই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে ফুজাইরাহ বন্দর এলাকায় একটি ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন ভূপাতিত করলে তার ধ্বংসাবশেষ থেকে ফুজাইরাহর একটি জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, জেবেল আলী বন্দর মধ্যপ্রাচ্যের ব্যস্ততম বন্দরগুলোর একটি। এই বন্দর এলাকায় হামলার হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ইরান সরাসরি বেসামরিক নাগরিকদের নিজেদের নিরাপত্তার জন্য এলাকা ত্যাগের নির্দেশ দেওয়ায় তাদের হুমকি বাস্তবায়নের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:








