শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উল্লম্ফন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১১:০৩

শেয়ার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উল্লম্ফন
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ইরান-ইসরায়েল কেন্দ্রিক সাম্প্রতিক সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, শনিবার ১৪ মার্চ লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি এই তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪৮ ডলার। এই হিসাবে স্বল্প সময়ের ব্যবধানে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে প্রায় ৪২ শতাংশ। শুধু গত এক সপ্তাহেই দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও সংঘাত শুরুর পর থেকে ৪৭ শতাংশের বেশি বেড়ে বর্তমানে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭১ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা তেল সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এ পরিস্থিতিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কানাডা বৈশ্বিক বাজার স্থিতিশীল রাখতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএর সদস্য দেশটি তাদের কৌশলগত মজুত থেকে ২ কোটি ৩৬ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। আইইএর ৩২টি সদস্য রাষ্ট্রের সমন্বিত এই উদ্যোগকে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় তেলের মজুত ছাড়ার সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

কানাডার ফেডারেল ও প্রাদেশিক কর্তৃপক্ষ যৌথভাবে এই জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে বলে জানানো হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী মাসগুলোতে প্রাকৃতিক গ্যাস রপ্তানির পরিমাণও বাড়ানো হতে পারে।



banner close
banner close