শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১০:৫৪

শেয়ার

বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
ছবি সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকালে এ হামলায় দূতাবাসের ভেতরের একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানা গেছে।

দূতাবাসের নিরাপত্তা সূত্রে জানা গেছে, দূতাবাসের মূল ভবন লক্ষ্য করে একটি ড্রোন নিক্ষেপ করা হয় এবং অপর একটি ক্ষেপণাস্ত্র দূতাবাস চত্বরের ভেতরের হেলিপ্যাডে আঘাত করে। হামলার পরপরই দূতাবাসের অভ্যন্তর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনায় দূতাবাসের ভেতরে অবস্থানরত সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হামলার কিছুক্ষণ আগে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর এক শীর্ষ নেতা মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দূতাবাসে হামলার ঘটনা ওই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে চালানো হতে পারে।

তবে মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকে এই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ইরান সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ ও সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।