ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা বেড়েছে। এর প্রভাব পড়েছে মার্কিন শেয়ারবাজারেও। গত দুই সপ্তাহে বাজার থেকে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য হারিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
বৃহৎ মার্কিন কোম্পানিগুলোর বাজার পারফরম্যান্স প্রতিফলিত করা সূচক S&P 500 আবারও নিম্নমুখী হয়েছে। ইরান যুদ্ধ ঘিরে অনিশ্চয়তা এবং বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।
সর্বশেষ লেনদেনে সূচকটি ০.৬১ শতাংশ কমে ৬,৬৩২ দশমিক ১৯ পয়েন্টে বন্ধ হয়েছে। এর ফলে ২০২৬ সালে এখন পর্যন্ত এটি সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে এবং সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫ শতাংশ নিচে অবস্থান করছে।
গত ২৭ ফেব্রুয়ারি সূচকটি ৬,৮৭৮ দশমিক ৮৮ পয়েন্টে বন্ধ হয়েছিল, যা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে সামরিক অভিযান শুরুর আগের দিন। সেই অবস্থানের তুলনায় এখন পর্যন্ত সূচকটি প্রায় ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।
বিশ্লেষকদের মতে, এই পতনের কারণে S&P 500–এ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজারমূল্য থেকে আনুমানিক ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার কমে গেছে।
এই সূচকটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক অবসরভাতা তহবিল, পেনশন ফান্ড এবং বিভিন্ন বিনিয়োগ তহবিল সরাসরি S&P 500–এর সঙ্গে যুক্ত। ফলে বাজারের এই অস্থিরতার প্রভাব সাধারণ বিনিয়োগকারীদের ওপরও পড়তে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা
আরও পড়ুন:








