ড্রোন হামলা মোকাবিলায় রাডার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে চীন। ইরান যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাডারের শনাক্তকরণ সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন এই প্রযুক্তি চলমান লক্ষ্যবস্তুকে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ, গতিশীল তথ্য সংগ্রহ এবং ভুয়া বা বিভ্রান্তিকর ড্রোন শনাক্ত করতে সহায়তা করবে।
চীনের শীর্ষ বিমান প্রতিরক্ষা রাডার বিশেষজ্ঞ ও চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স বা সিপিপিসিসির সদস্য শু জিন বুধবার বেইজিংয়ে বার্ষিক রাজনৈতিক অধিবেশন টু সেশনসে এ তথ্য জানান। তিনি বর্তমানে চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশন বা সিইটিসির ৩৮তম গবেষণা ইনস্টিটিউটে আগাম সতর্কতা ও শনাক্তকরণ প্রযুক্তির প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। এই প্রতিষ্ঠানটি দেশটির বিমান প্রতিরক্ষা রাডার প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শু জিন বলেন, পরীক্ষায় দেখা গেছে নতুন এআই অ্যালগরিদম রাডারের লক্ষ্য শনাক্ত করার সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়েছে। বিশেষ করে নিচু উচ্চতায় একযোগে উড়তে থাকা বিপুল সংখ্যক ড্রোন শনাক্তকরণে এটি কার্যকর ভূমিকা রাখছে।
স্বল্পমূল্যের আত্মঘাতী ড্রোন সাধারণত বিপুল সংখ্যায় ব্যবহার করা হয় বলে সেগুলোকে আলাদাভাবে শনাক্ত ও পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে বলে জানান এই প্রকৌশলী। তার মতে, এসব ড্রোন প্রায়ই সমন্বিতভাবে কাজ করে এবং বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেয়, যা প্রচলিত রাডার ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।
তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের উদাহরণ দিয়ে বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে উভয় পক্ষই স্বল্পমূল্যের আত্মঘাতী ড্রোন ব্যাপক হারে ব্যবহার করছে, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
আরও পড়ুন:








