শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

ইরানি নাবিকের মরদেহ দেশে পাঠাচ্ছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ১৬:৪৮

শেয়ার

ইরানি নাবিকের মরদেহ দেশে পাঠাচ্ছে শ্রীলঙ্কা
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ শুক্রবার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে শ্রীলঙ্কা। গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা টর্পেডো হামলায় ডুবে গেলে এই ঘটনা ঘটে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো জানান, মরদেহ ফিরিয়ে নিতে ইরান একটি চার্টার্ড বিমান পাঠিয়েছে। দেশীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। নিহতদের মরদেহ সংরক্ষণের জন্য সিল করা বাক্সে রাখা হয়েছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানে পাঠানো হচ্ছে।

প্রথম ধাপে ৪৬টি মরদেহ শুক্রবার বিকেলে বিমানবন্দরে পৌঁছে। বাকি মরদেহগুলোও পর্যায়ক্রমে পাঠানো হবে বলে কর্মকর্তারা জানান। এর আগে উদ্ধার করা মরদেহগুলো রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গলের কারাপিতিয়া হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল। সেখানে ময়নাতদন্ত শেষে স্থানীয় একটি আদালত মরদেহগুলো কলম্বোস্থিত ইরানি দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

শ্রীলঙ্কার নৌবাহিনী এই ঘটনায় জাহাজটির ৩২ নাবিককে জীবিত উদ্ধার করে। তারা বর্তমানে শ্রীলঙ্কাতেই অবস্থান করছেন। নিহতদের মধ্যে ৮৪ নাবিকের মরদেহ উদ্ধার করা গেলেও এখনো ১৪ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার একদিন পর আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি পায়। জাহাজটির ২১৯ জন ক্রু সদস্য বর্তমানে কলম্বোর কাছে একটি নৌবাহিনী ক্যাম্পে অবস্থান করছেন এবং তাদের জাহাজটি মেরামত করা হচ্ছে।

এই ঘটনার মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিস্তৃত হয়েছে বলে পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন। শ্রীলঙ্কা ও ভারত মানবিক কারণে ইরানি নাবিকদের আশ্রয় দিয়েছে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানানো হয়েছে।



banner close
banner close