মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকোম্পানির গেস্টহাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। শুক্রেম্বর ১৩ মার্চ ভোরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর দগ্ধ অবস্থায় আরও দুই বাংলাদেশি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ হাইকমিশন।
নিহত ব্যক্তিরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুই কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। বিস্ফোরণের ঘটনায় গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুইজনের মধ্যে এক জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ও অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:








