শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

মার্কিন হুমকির জবাবে ইরানের কড়া সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ০৯:০৫

শেয়ার

মার্কিন হুমকির জবাবে ইরানের কড়া সতর্কবার্তা
ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে গোটা অঞ্চল অন্ধকারে ডুবে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লারিজানি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাব দেন। ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করতে পারে। তিনি আরও বলেন, ইরান যদি বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ বন্ধের চেষ্টা করে তবে তারা এ ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।

এর জবাবে লারিজানি বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। তিনি দাবি করেন, এই অন্ধকার নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার সুযোগ করে দেবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানে তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালানো হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, এ পর্যন্ত ইরানের প্রায় ৬ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং ৯০টির বেশি নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জবাব দিচ্ছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান এই বক্তব্য ও সামরিক সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষ করে ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধের হুমকি দিয়েছে, যা আন্তর্জাতিক তেল সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে।



banner close
banner close