শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ০৮:৫৬

শেয়ার

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য স্থিতিশীল করতে মার্কিন ট্রেজারি বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস জানিয়েছে, গত ১২ মার্চের মধ্যে জাহাজে তোলা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে বিক্রি ও সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে সীমিত পরিসরে রুশ জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথ খুলে গেল।

ইরান সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ এ সমুদ্রপথে পরিবহন করা হয়। এ পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা উদ্বেগ বাড়ায়।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলা এবং বাজারে সরবরাহ বাড়ানোর স্বল্পমেয়াদী কৌশল হিসেবে এ পদক্ষেপকে বর্ণনা করেন তিনি।

যুক্তরাষ্ট্র ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার তেল খাতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসন নীতিতে সাময়িক নমনীয়তা দেখালেও সংশ্লিষ্টরা মনে করছেন, হরমুজ প্রণালি পরিস্থিতির উন্নতি এবং বাজারে স্থিতিশীলতা ফিরে এলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।



banner close
banner close