ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে পরোক্ষ হুমকি দিয়ে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেওয়া প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়ে এই হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু দাবি করেন, প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের ফলে ইরান এখন আর আগের অবস্থানে নেই। তার ভাষ্যমতে, তেহরানের এলিট ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং আধাসামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি আরও বলেন, ইরান যাতে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে না পারে, সে লক্ষ্যেই ইসরায়েল কাজ করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলের কয়েকটি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ব্যবস্থা নিতে পারে—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসী সংগঠনের নেতাদের কারও জন্যই তিনি জীবন বিমা ইস্যু করতেন না। তবে ইসরায়েল কী পরিকল্পনা করছে বা পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইরানের জনগণের প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, ইরানে সরকার পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে সে সিদ্ধান্ত ইরানের জনগণকেই নিতে হবে। দিন শেষে এটি তাদের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি লেবানন প্রসঙ্গেও কথা বলেন। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে গত ২ মার্চ থেকে ইসরায়েলে হামলা শুরু করে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। গোষ্ঠীটির ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু।
এ সময় নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি প্রতিদিনই অকপটে কথা বলছেন।
আরও পড়ুন:








