শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, হতাহতের তথ্য অস্পষ্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ০৮:৩৫

শেয়ার

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, হতাহতের তথ্য অস্পষ্ট
ছবি সংগৃহীত

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র বলছে, এটি কোনো শত্রু হামলা বা বন্ধুপক্ষের গোলাগুলির কারণে ঘটেনি। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দেশটির প্রতিরোধ গোষ্ঠীগুলি বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে অংশ নেওয়া একটি কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং বিমান দুর্ঘটনায় পড়ে। দুটি বিমানের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয় এবং অপরটি জরুরি অবতরণ করে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে সেন্টকম জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, শত্রুর হামলা বা ভুলক্রমে নিক্ষিপ্ত গোলায় বিমানটি বিধ্বস্ত হয়নি।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে প্রতিরোধ গোষ্ঠীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে বিমানটি ভূপাতিত হয়। এতে বিমানটিতে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

বিধ্বস্ত বিমানটিতে থাকা ক্রু সদস্যের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানটিতে অন্তত পাঁচজন ক্রু সদস্য ছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মধ্য-আকাশে দুটি বিমানের সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করেনি।



banner close
banner close