বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে হরমুজ প্রণালি সংকটের প্রভাব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ২১:০১

শেয়ার

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে হরমুজ প্রণালি সংকটের প্রভাব
ছবি সংগৃহীত

ইরানের চলমান সংঘাত এবং কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে তীব্র মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। ট্রিপল এ-এর পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য বর্তমানে ৩.৬০ ডলারে পৌঁছেছে। গত এক সপ্তাহে জ্বালানির দাম ৩৫ সেন্ট এবং গত এক মাসে ৬৫ সেন্ট বেড়েছে, যা ২০২২ সালের মার্চে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে সর্বোচ্চ মাসিক ও সাপ্তাহিক বৃদ্ধি। গত এক মাসে দেশটিতে জ্বালানি মূল্য ২২ শতাংশ বেড়েছে, যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বর্তমান যুদ্ধাবস্থার কারণে এই পথ দিয়ে সরবরাহব্যবস্থা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের তেল স্থাপনাগুলোতে ইরানের পাল্টা হামলার ফলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে তীব্র সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ খুব শিগগিরই শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যে সাময়িক পতন ঘটলেও বুধবার ও বৃহস্পতিবার হরমুজ প্রণালির কাছে জাহাজে নতুন হামলার খবরে বাজারে অস্থিরতা ফিরে এসেছে।

বৃহস্পতিবারের লেনদেনে অপরিশোধিত তেলের ফিউচার মূল্য প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অস্থির থাকবে এবং যুক্তরাষ্ট্রের খুচরা বাজারেও এর প্রভাব পড়বে। খুচরা পর্যায়ে বর্তমানে মূল্য কিছুটা স্থিতিশীল মনে হলেও পাইকারি বাজারে অস্থিরতা বজায় থাকায় সামনে আরও মূল্যবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা।



banner close
banner close