জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানকে অবিলম্বে উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। সোমবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত রেজল্যুশন পাস হয়েছে।
রেজল্যুশনে বলা হয়েছে যে ইরান উপসাগরীয় দেশগুলিতে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। নিরাপত্তা পরিষদ ইরানকে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ওপর হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ রেজল্যুশনের পক্ষে ভোট দিয়েছে। বাকি দুটি দেশ ভোটদান থেকে বিরত ছিল।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে। কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। এর পরের দিন যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের প্রথম দিনে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিমান অভিযান চালানো হয়েছে এবং ইরানের জ্বালানি কাঠামো ও কয়েকটি তেল ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের ছয় দেশ এবং মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতেও হামলা চলছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১০টির বেশি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে এবং সম্প্রতি প্রণালিতে মাইন বসানো শুরু করেছে ইরান।
সূত্র: এএফপি
আরও পড়ুন:








