ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় করা ক্ষমা আবেদন খারিজের সুপারিশ করেছে দেশটির বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগ। আইনি শর্ত পূরণ না করায় এই আবেদনের পক্ষে সুপারিশ করা হয়নি বলে বিভাগটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগের প্রতিবেদন বৃহস্পতিবার হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর আবেদন বর্তমানে আইনি শর্ত পূরণ করছে না। কারণ, মামলাটি এখনও চলমান এবং প্রধানমন্ত্রী এখনো দোষী সাব্যস্ত হননি। পাশাপাশি তিনি তার আবেদনে কোনো অপরাধ স্বীকার করেননি এবং অনুতাপও প্রকাশ করেননি।
এই বিষয়ে তদারকি করা বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, বিষয়টিতে প্রেসিডেন্টের আরও মনোযোগ প্রয়োজন। প্রতিবেদন পাওয়ার পর তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট হার্জোগের ওপর চাপ দিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে প্রেসিডেন্ট হার্জোগ স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই নিজস্ব বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে ঘুষ, জালিয়াতি এবং আস্থাভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
আরও পড়ুন:








