বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৮:১৯

শেয়ার

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বুধবার ড্রোন হামলায় এক বাংলাদেশি প্রবাসীসহ চারজন আহত হয়েছেন। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় দুটি ড্রোন আঘাত হানলে এ ঘটনা ঘটে। হামলার পরও বিমানবন্দরে বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আহতদের মধ্যে বাংলাদেশি এক নাগরিক এবং ঘানার দুই নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন বলে দুবাই মিডিয়া অফিসের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী সংখ্যার বিচারে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। গত বছর প্রায় ১০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করবে ইরান। বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার পর তিনি এই হুমকি দেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে এমিরেটস ও ইতিহাদের মতো সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও এখনও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছে না এয়ারলাইন্স সংস্থাগুলো।

চলমান এই সংঘাতের জের ধরে বিশ্বজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল, সময় পরিবর্তন এবং রুট পরিবর্তনের ঘটনা ঘটছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ রয়েছে। এই সংকট জ্বালানি বাজারে প্রভাব ফেলায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।



banner close
banner close