বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে রহস্যজনক হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৮:০৭

শেয়ার

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে রহস্যজনক হামলা
ছবি সংগৃহীত

পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বুধবার পরপর তিনটি কার্গো জাহাজ রহস্যজনক হামলার শিকার হয়েছে। অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজ তিনটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় আঞ্চলিক জলরাশিতে উত্তেজনা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে থাইল্যান্ড, জাপান ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হলে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ইউকেএমটিও জানায়, জাহাজটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এতে পরিবেশগত কোনো বিপর্যয় ঘটেনি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক ওই জাহাজে অবস্থান করছেন।

জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির নাবিকরা সবাই নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে বলে ইউকেএমটিও নিশ্চিত করেছে।

মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী তৃতীয় জাহাজ ‘স্টার গুইনেথ’ দুবাইয়ের প্রায় ৫০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে হামলার শিকার হয়েছে। এতে জাহাজটির ক্ষয়ক্ষতি হলেও এর নাবিকরা নিরাপদ রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপক হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। সর্বশেষ এই ঘটনাসহ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটল।



banner close
banner close