বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৭:৩১

শেয়ার

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুঁশিয়ারি ইরানের
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। বুধবার এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে খাতাম আল-আনবিয়া জানায়, শত্রুপক্ষ ইরানকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলো লক্ষ্যবস্তু করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এই পরিস্থিতিতে অঞ্চলজুড়ে সাধারণ নাগরিকদের ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের একটি ব্যাংকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন কর্মচারী নিহত হওয়ার ঘটনার জবাবে এই হুমকি দেওয়া হলো। নিহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তাসনিম নিউজ এজেন্সি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানির নাম প্রকাশ করেছে যেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তালিকায় থাকা কোম্পানিগুলো হলো গুগল, মাইক্রোসফট, পালান্টির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল।

এর আগে হরমুজ প্রণালীতে ইরান কয়েকটি জ্বালানি ট্যাংকারে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এছাড়া দুটি ইরানি ড্রোন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না করা হলে উপসাগরীয় অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। এই ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।



banner close
banner close