শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাংক হামলার পাল্টা জবাব দেবে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৭:২৫

শেয়ার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাংক হামলার পাল্টা জবাব দেবে ইরান
ছবি সংগৃহীত

ইরানের একটি ব্যাংকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এই হামলার জবাবে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের মুখপাত্র বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী ও জায়নবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংক ভবনে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে তিনি এই হামলাকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক ও অর্থনৈতিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করার ন্যায্যতা পেয়েছে তেহরান।

ঘটনার বিস্তারিত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ইরানের কোন ব্যাংকটি হামলার শিকার হয়েছে তাও নিশ্চিতভাবে জানায়নি দেশটির কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের উত্তরে অবস্থিত সেপাহ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রশাসনিক ভবনে এই হামলা হয় এবং এ ঘটনায় কয়েকজন ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।

সামরিক কমান্ড সদরদপ্তরের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে একটি প্রতিশোধমূলক ও বেদনাদায়ক জবাবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অঞ্চলের সাধারণ মানুষকে যেকোনো ব্যাংকের অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেন।

এদিকে ইরানের এই হুমকির মধ্যেই উপসাগরীয় অঞ্চলে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার ঘটনা ঘটেছে। পেন্টাগন জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে।