ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচনের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ’ হামলার নিন্দা জানিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, পিয়ংইয়ং ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচনের সিদ্ধান্তকে সম্মান করে।
মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে মার্কিন-ইসরায়েলি হামলায় আলী খামেনি নিহত হন।
কেসিএনএ জানায়, ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসলামী বিপ্লবের নতুন নেতা নির্বাচন করেছে এবং এ ক্ষেত্রে ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার ও পছন্দকে সম্মান করে উত্তর কোরিয়া।
একই সঙ্গে মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে পিয়ংইয়ং। তাদের দাবি, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ন করছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াচ্ছে।
এর আগে প্রায় ১২ দিন আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গুন্ডাদের মতো আচরণ’ বলে আখ্যা দিয়ে নিন্দা জানায় উত্তর কোরিয়া।
সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন:








