বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

ইসরায়েলে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার দাবি, লক্ষ্যবস্তু একাধিক শহর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১১:৪৭

শেয়ার

ইসরায়েলে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার দাবি, লক্ষ্যবস্তু একাধিক শহর
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, যুদ্ধ শুরুর পর এটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার রাতে চালানো হামলায় তারা ‘খোরামশাহর’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল হাইফা, তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।

আইআরজিসি আরও দাবি করেছে, তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি হাইফা, পশ্চিম জেরুজালেম ও বীর ইয়াকুব এলাকার কিছু সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে।

এছাড়া ইরান দাবি করেছে, ইরাকের এরবিল শহরে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকায় নাগরিকদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে অগ্রসর হওয়া দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।



banner close
banner close