মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

স্বজন হারানোর শোকের মধ্যেই ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ২২:২২

শেয়ার

স্বজন হারানোর শোকের মধ্যেই ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি
ছবি সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনার মধ্যেই ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজতবা খামেনি। বিভিন্ন আন্তর্জাতিক ও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে তিনি স্ত্রী, সন্তানসহ ঘনিষ্ঠ কয়েকজন স্বজনকে হারিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই সপ্তাহ আগে শুরু হওয়া বিমান হামলায় মোজতবা খামেনির স্ত্রী জোহরা হাদ্দাদ-আদেল এবং তাদের দুই ছেলের একজন নিহত হন। এই দম্পতির একটি মেয়েও রয়েছে।

মোজতবা খামেনির বাবা ও ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলি খামেনি জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলমান সংঘাতে তিনিও নিহত হয়েছেন। কিছু সূত্রের তথ্য অনুযায়ী, মোজতবার মা মনসুরেহ খোজাস্তে বাঘেরজাদেহ একই হামলায় গুরুতর আহত হওয়ার পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এভাবে সংঘাতে এখন পর্যন্ত অন্তত চারজন ঘনিষ্ঠ স্বজনকে হারিয়েছেন মোজতবা খামেনি।

এনডিটিভির এক প্রতিবেদনে কিছু সূত্রের বরাতে বলা হয়েছে, মোজতবা খামেনির আরও কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় নিহত হয়েছেন। তবে সংবাদমাধ্যমটি এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইরানি সংবাদমাধ্যমের কিছু খবরে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে তার এক বোন, এক ভাগ্নে, এক ভাগ্নি ও এক ভগ্নিপতি থাকতে পারেন। এসব তথ্য সঠিক হলে পরিবারের মোট নিহতের সংখ্যা আটজনে পৌঁছাতে পারে। তবে নিহতদের পরিচয় ও সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

ইরানের ৮৮ সদস্যের একটি আলেম পরিষদ ভোটের মাধ্যমে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে। তবে ভোটের ব্যবধান প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ড কাঠামো এবং সংশ্লিষ্ট বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে মন্তব্য করেছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন নেতা যুক্তরাষ্ট্রের অনুমোদন না পেলে তার ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে তিনি মনে করেন। পরে টাইমস অব ইসরাইলকে দেওয়া মন্তব্যে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান।

এর আগে ইসরাইল হুঁশিয়ারি দিয়েছিল, নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলে তাকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। তবে নতুন নেতার নাম ঘোষণার পর এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দেশটি।

সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনি এখন ইরানের রাষ্ট্রব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই পদ থেকে সামরিক বাহিনী, বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর চূড়ান্ত কর্তৃত্ব প্রয়োগ করা হয়।

এদিকে ক্ষমতা হস্তান্তরের মধ্যেও সংঘাত অব্যাহত রয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী সোমবার মধ্য ইরানে নতুন করে হামলা চালিয়েছে এবং লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে আঘাত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, চলমান হামলায় বেসামরিক নিহতের সংখ্যা ১ হাজার ৩৩২ জনে পৌঁছেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় তাদের আরও এক সেনার মৃত্যু হয়েছে।

সূত্র এনডিটিভি



আরও পড়ুন:

banner close
banner close