মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ০৯:২০

শেয়ার

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম
ছবি সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্যে প্রাকৃতিক গ্যাসের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে, তা দিয়ে দুই দিনেরও কম সময়ের চাহিদা পূরণ করা সম্ভব।

ন্যাশনাল গ্যাসের তথ্য অনুযায়ী, গত শনিবার যুক্তরাজ্যে গ্যাস মজুদ ছিল প্রায় ৬ হাজার ৯৯৯ গিগাওয়াট ঘণ্টা (জিডব্লিউএইচ)। এক বছর আগে একই সময়ে এই মজুদ ছিল ৯ হাজার ১০৫ গিগাওয়াট ঘণ্টা। দেশটির গ্যাস সংরক্ষণের সর্বোচ্চ সক্ষমতা প্রায় ১২ দিনের সমান হলেও বর্তমানে মজুদ নেমে এসেছে দুই দিনেরও কমে।

মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও তীব্র হলে যুক্তরাজ্যে গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তবে ন্যাশনাল গ্যাস জানিয়েছে, মজুদ কম থাকলেও দেশটি বিভিন্ন উৎস থেকে নিয়মিত গ্যাস সরবরাহ পেয়ে থাকে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, বছরের এই সময়ের জন্য যুক্তরাজ্যের গ্যাস মজুদ স্বাভাবিক মাত্রাতেই রয়েছে এবং গত বছরের একই সময়ের সঙ্গে তা প্রায় সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, দেশটির গ্যাস সরবরাহের বড় অংশ আসে যুক্তরাজ্যের নিজস্ব সমুদ্রাঞ্চল ও নরওয়ে থেকে। এর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরোপের সঙ্গে সংযোগকারী পাইপলাইন এবং সংরক্ষিত গ্যাসও সরবরাহ ব্যবস্থার অংশ।

যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগও জানিয়েছে, দেশটিতে মাত্র দুই দিনের গ্যাস রয়েছে—এমন দাবি পুরোপুরি সঠিক নয়। সরকারের মতে, বিভিন্ন উৎস থেকে গ্যাস সরবরাহ অব্যাহত থাকায় জ্বালানি নিরাপত্তা নিয়ে তারা আশাবাদী।

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে গ্যাসবাহী কিছু জাহাজ ইউরোপের পরিবর্তে এশিয়ার দিকে মোড় নিচ্ছে। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, শুক্রবারের পর অন্তত দুটি জাহাজ আটলান্টিক মহাসাগর থেকে পথ পরিবর্তন করে এশিয়ার দিকে গেছে। এর আগের সপ্তাহেও তিনটি জাহাজ একইভাবে দিক পরিবর্তন করে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তীব্র বিমান হামলা শুরুর পর থেকেই গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। এর মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যে পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ সমুদ্রপথে গ্যাস পরিবহন হয়।

অন্যদিকে ড্রোন হামলার পর কাতার বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদন কেন্দ্রেও উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখে। ফলে এশিয়ায় এলএনজির দামও বেড়ে যায়।

যুদ্ধ শুরুর আগে যুক্তরাজ্যে এক মাস পর সরবরাহযোগ্য গ্যাসের দাম ছিল প্রতি থার্ম ৭৮ দশমিক ৫ পেন্স। বর্তমানে তা বেড়ে প্রায় ১৩৭ পেন্সে দাঁড়িয়েছে, যা দেশটির জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।



আরও পড়ুন:

banner close
banner close