ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করতে সাইপ্রাসের উত্তরাঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক। কয়েক দিন আগে সাইপ্রাস দ্বীপ ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পদক্ষেপ বিবেচনার কথা জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে আঙ্কারা। কেবল তুরস্কের স্বীকৃতিপ্রাপ্ত তুর্কি রিপাবলিক অব নর্দান সাইপ্রাস (টিআরএনসি)-এর নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পর্যায়ক্রমিক পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হতে পারে।
এদিকে শনিবার মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে টেলিফোনে কথা বলেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কিয়ার স্টারমার। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরান ইস্যুতে আলোচনার পরিবেশ তৈরিতে আরও উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।
ফোনালাপে এরদোয়ান জানান, এ বিষয়ে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আঙ্কারা ইরানের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে সতর্ক করে দেওয়া হয়, দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
সূত্র: এএফপি।
আরও পড়ুন:








