যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে শক্তিশালী টর্নেডো ও ঝড়ের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার ৬ মার্চ আঘাত হানা এই দুর্যোগে ব্রাঞ্চ কাউন্টিতে তিনজন এবং ক্যাস কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, টর্নেডোর তীব্রতায় বহু বাড়িঘর ও বড় স্থাপনা ধ্বংস হয়ে গেছে। অনেক স্থানে ঘরবাড়ি ভেঙে পড়ে শুধু ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থ্রি রিভারস ও ইউনিয়ন সিটি এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে ভবনের ছাদ উড়ে যাচ্ছে। রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটি, গাছ ও সাইনবোর্ড উপড়ে পড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
ক্যাস কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাসিন্দা ঘরবাড়ি হারিয়ে অস্থায়ীভাবে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
জাতীয় আবহাওয়া পরিষেবা টর্নেডো সতর্কতা জারি করার কিছুক্ষণের মধ্যেই ঝড়টি আঘাত হানে। দুর্যোগের কারণে কয়েক শ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ইউনিয়ন সিটির প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝড়ে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে পড়েছে। দীর্ঘ এলাকাজুড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ সংযোগ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য একটি রাজ্য জরুরি অপারেশন সেন্টার চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র রয়টার্স
আরও পড়ুন:








