শনিবার

৭ মার্চ, ২০২৬ ২৩ ফাল্গুন, ১৪৩২

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ০৮:৩৫

শেয়ার

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সংঘাত এক সপ্তাহ পার হলেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আভাস মিলেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরব বিশ্বের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে জানিয়েছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, রুবিও আরব দেশগুলোর মন্ত্রীদের জানান, যুক্তরাষ্ট্র মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, অস্ত্রের মজুত এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোকে লক্ষ্য করে সামরিক হামলা চালাচ্ছে।

তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য সরাসরি সরকার পরিবর্তন নয়। তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র চায় ইরানে ভিন্ন নেতৃত্ব ক্ষমতায় আসুক।

রুবিও আরও জানান, বর্তমানে ইরানের বিদ্যমান সরকারের সঙ্গে কোনো ধরনের সংলাপ চলছে না। তার মতে, এই পর্যায়ে আলোচনায় গেলে সামরিক লক্ষ্য অর্জনে তা বাধাগ্রস্ত হতে পারে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কঠোর অবস্থান প্রকাশ করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।

ট্রাম্প আরও বলেন, ইরান আত্মসমর্পণ করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নতুন গ্রহণযোগ্য নেতৃত্বের সঙ্গে কাজ করে দেশটির পুনর্গঠনে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক তৎপরতা চললেও সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। সাম্প্রতিক মার্কিন বক্তব্যে বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনাই স্পষ্ট হয়ে উঠছে।



banner close
banner close