শনিবার

৭ মার্চ, ২০২৬ ২৩ ফাল্গুন, ১৪৩২

শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসি মুখপাত্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬ ১৩:১০

শেয়ার

শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসি মুখপাত্রের
ছবি সংগৃহীত

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়েইনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ট্রু প্রোমিজ ৪-এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ।

নায়েইনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনো বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রুপক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।

নায়েইনি উল্লেখ করেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত। বর্তমান এই সামরিক সংঘাতকে তিনি ‌‘পবিত্র এবং বৈধ যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।

এই ঘোষণার সময়ই ইরান ইসরায়েলের তেল আবিব শহরে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়, যা উচ্চ মাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করা হয়েছে।,

সূত্র : আল-জাজিরা।



banner close
banner close