ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালি দিয়ে আসা তেলের সরবরাহের অর্ধেকও বন্ধ হয়ে গেলে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং একপর্যায়ে তা প্রতি ব্যারেল ১৫০ ডলারে পৌঁছাতে পারে। তার মতে, মার্কিন নৌবাহিনী যদি ওই প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
তিনি জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে ইতোমধ্যে এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। হামলার প্রথম দিনেই এলএনজির দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। গত সোমবার ও মঙ্গলবারের মধ্যে ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ডিজেলের দামও অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানান হির্স। তার মতে, গ্যাসনির্ভর অনেক দেশ এখন বিকল্প হিসেবে পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে ভবিষ্যৎ জ্বালানি সরবরাহের অর্ডারেও প্রভাব পড়তে পারে।
এড হির্স আরও সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়তে পারে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে।
সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন:








