ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সংস্থাটির বিবৃতিতে বলা হয়, হামলায় একটি মার্কিন ডেস্ট্রয়ার ও একটি জ্বালানিবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, ‘ঘাদর-৩৮০’ ও ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়। দাবি করা হয়, ওই সময় যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে প্রায় ৬০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছিল এবং একটি মার্কিন ট্যাংকার থেকে জ্বালানি নিচ্ছিল। হামলার পর দুটি জাহাজেই আগুন ধরে যায় বলে সংস্থাটি উল্লেখ করেছে। এ তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Press TV প্রকাশ করেছে।
আইআরজিসি জানিয়েছে, ‘গাদর’ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। আর ‘তালাইয়েহ’ একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা প্রায় ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা ‘ট্রু প্রমিস ৪’ নামে ঘোষিত অভিযানের অংশ। আইআরজিসির দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে প্রতিশোধমূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের আওতায় ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তু এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার কথাও উল্লেখ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব দাবির কোনো স্বীকৃতি বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:








