বৃহস্পতিবার

২৫ জুন, ২০২৬ ১১ আষাঢ়, ১৪৩৩

ইরানে কাতারের হামলার দাবি, সৌদির পদক্ষেপের ইঙ্গিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬ ২১:৫০

শেয়ার

ইরানে কাতারের হামলার দাবি, সৌদির পদক্ষেপের ইঙ্গিত
ছবি: সংগৃহীত

ইরানে কাতার হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। অজ্ঞাতনামা পশ্চিমা সূত্রের বরাত দিয়ে Channel 12 জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে কাতারের সামরিক বাহিনী হামলা পরিচালনা করেছে। ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একই সূত্রের বরাতে জানানো হয়, কাতারের হামলার পর সৌদি আরবও ইরানে পাল্টা হামলা শুরু করতে পারে। এ বিষয়ে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম Kan-কে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেন, ইরানের হামলার পর সৌদি আরব দ্রুত সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ইসরায়েল ধারণা করছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত প্রকাশ্যে সরাসরি সামরিক অভিযান শুরু করেনি। তবে কয়েকটি দেশ ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি এক সংবাদ সম্মেলনে জানান, গত কয়েক দিনে ইরান থেকে আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে গত চারদিন ধরে ইরান হামলা চালিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এসব হামলায় বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটেছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

সূত্র: The Times of Israel।



banner close
banner close