শনিবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫ ফাল্গুন, ১৪৩২

সীমান্ত সংঘাতে ৫৫ পাকিস্তানি সেনা নিহতের দাবি আফগানিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৯

আপডেট: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪১

শেয়ার

সীমান্ত সংঘাতে ৫৫ পাকিস্তানি সেনা নিহতের দাবি আফগানিস্তানের
ছবি: সংগৃহীত

সীমান্তে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের ৫৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। একই সঙ্গে কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দের কথাও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এসব দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত-এর নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে। আরও বলা হয়, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে স্বীকার করেছে কাবুল।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ যোদ্ধা নিহত হয়েছেন। ইসলামাবাদ জানিয়েছে, অভিযানে তাদের দুই নিরাপত্তা সদস্যও নিহত হয়েছেন।

উভয় পক্ষের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সূত্র: দ্য ডন ও আনুদোলু এজেন্সি



banner close
banner close