অনুমতি ছাড়া ডেলিভারি ম্যানের কাজ করায় ১৭১ জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন বাংলাদেশি-ভারতীয় ও চীনা নাগরিক। তাদের মধ্যে প্রায় ৬০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট দল গত মাসে সাতদিনব্যাপী অভিযান চালিয়ে এই অভিবাসীদের গ্রেপ্তার করে। অভিযানের সময় বিভিন্ন গ্রাম, মফস্বল ও শহরে কাজ করা ডেলিভারি রাইডারদের থামিয়ে তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়।
যাদের কাজ করার অনুমতি ছিলো না তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য অভিযানস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ১৭ নভেম্বর অফিসারদের পূর্ব লন্ডনের নিউহাম হাইস্ট্রিটে মোতায়েন করা হয়। অবৈধভাবে কাজ করায় সেখান থেকে চার বাংলাদেশি ও ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে গ্রেপ্তার করা হয় নিজ দেশে ফেরত পাঠানোর জন্য।
এরপর ২৫ নভেম্বর অফিসাররা নরউইচ সিটি সেন্টারে যান। সেখানে তারা অপরাধ প্রবণতা কমানোর অভিযান চালান। সেখান থেকে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। যারমধ্যে দুইজনকে ফেরত পাঠানো হবে। তৃতীয় ব্যক্তিকে কঠোর অভিবাসন জামিনে রাখা হয়েছে।
অবৈধ অভিবাসন ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ব্যাপক সংস্কারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
আরও পড়ুন:








