শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ০৯:৫৪

আপডেট: ৭ নভেম্বর, ২০২৫ ১০:৫৯

শেয়ার

সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতিসংঘের
ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকছে না।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে এ সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আহমেদ আল-শারার নেতৃত্বে ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী যোদ্ধারা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। আর এর মধ্য দিয়েই দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।

শারা মূলত জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, কারণ তিনি ইসলামপন্থি সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্ব দিয়েছিলেন। আর এই সংগঠনটি একসময় আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিলো। যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়।

এ ছাড়া নিরাপত্তা পরিষদ সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সিরিয়া যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু দেশগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা সিরিয়া ও এর জনগণের পাশে দাঁড়িয়েছে।’

বিবিসি বলছে, আগামী সোমবার আহমেদ আল-শারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। ট্রাম্প এর আগে বলেছিলেন, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট দেশটিতে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।



banner close
banner close