ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
এ ছাড়া আগুন নেভাতে কাজ করছেন দুই হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য। কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগামী কয়েকদিন আগুন জ্বলতে থাকবে বলেও সতর্ক করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ফ্রান্সে চলমান দাবানলের ভয়াবহতা পেরিয়ে গেছে প্যারিস শহরের আয়তনকেও। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় এই দাবানল এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগামী কয়েকদিন ধরে তা জ্বলতেই থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছে শুরু হওয়া এই আগুনে একজন নারী মারা গেছেন এবং ১১ জন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি বলছে, আগুন নেভাতে ২ হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে আছেন। ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যানবাহন এবং পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে। আগুন এখন পর্যন্ত ১৭ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে— যা প্রায় ৪২ হাজার একরের সমান।
স্থানীয় কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রিত হলেও এখনো নিভে যায়নি। আগামী কয়েকদিন ধরে কাজ চলবে। এরই মধ্যে ওই অঞ্চলের বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং বেশ কিছু রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, কারণ সেখানে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন ঝুঁকি রয়েছে।
উপগ্রহ চিত্রেও দাবানলের ধোঁয়া ও পোড়া ভূমির বিস্তীর্ণ চিহ্ন দেখা গেছে। ১৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বাসিন্দাদের বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:








